জাকির হোসেন, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য, রায়পুরের পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব হারুনুর রশিদ আর নেই। গত রাতে রাত ১২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে রায়পুরজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে শেষ বিদায় জানালেন বিভিন্ন দলের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ।
রায়পুর উপজেলা মার্চেন্টস একাডেমি মাঠে তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা মরহুমের রাজনৈতিক জীবন, সামাজিক অবদান এবং ব্যক্তিগত জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন। রায়পুর পৌর বিএনপির সভাপতি ডিপি লিটনসহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব তাঁর কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন।
প্রথম জানাজা শেষে মরহুমের মরদেহ নিয়ে যাওয়া হয় তাঁর নিজ বাড়িতে। সেখানে বাড়ির সামনের স্কুল মাঠে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, শৈশবের বন্ধু ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তাঁরাও মরহুমের সঙ্গে কাটানো জীবনের নানা স্মৃতির কথা তুলে ধরেন।
স্মৃতিচারণে বক্তারা বলেন, আলহাজ্ব হারুনুর রশিদ ছিলেন একজন ভালো মনের মানুষ। মানুষের সঙ্গে তাঁর আন্তরিক সম্পর্ক এবং এলাকার মানুষের প্রতি তাঁর ভালোবাসার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তাঁরা।
দুই দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে রায়পুরবাসী হারালেন একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্বকে। রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে তাঁর স্মৃতি দীর্ঘদিন বেঁচে থাকবে।
মরহুম আলহাজ্ব হারুনুর রশিদের রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দান করুন। আমিন।
Md Rassel Patwary