মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে ৩ ট্রাক লোহার শাটারসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের রামদয়াল বাজার এলাকার ওয়ারেছ চেয়ারম্যানের বাড়ির দরজা থেকে এসব মালামালসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ট্রাক ড্রাইভার মিঠু রহমান, মো. বাবর ও মোখলেস।
স্থানীয়রা জানায়, বিকেল বেলা মেঘনা নদীর রামদয়াল মাছঘাট দিয়ে লোহার এই সমস্ত চোরাই মালামাল আনলোড করে এবং একই এলাকার ওয়ার্ডের চেয়ারম্যানের বাড়ির দরজায় ইসলামিয়া মাদ্রাসার সামনে থেকে ট্রাকের লোড করে নয়ন পিতা সৈয়দ আহমদ, রফিক উল্লাহ পিতা দুলাল নেতা ও সোহেল পিতা কামরুল নামের এ তিনজন। এরা সবাই রামগতি উপজেলার চররমিজ ইউনিয়নের চরমেহার গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, ভোলার দৌলতখান উপজেলার চরজহির উদ্দিন নামক এলাকা থেকে মেঘনা নদী দিয়ে প্রায় ৪০ টন লোহার শাটার রামদয়াল এলাকায় এনে জমা করেন। পরে ওই মালামাল ৩ টি ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্ধেহ হলে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ৩ ট্রাকবর্তী মালামালসহ তিন ট্রাক ড্রাইভারকে আটক করে থানায় নিয়ে আসে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিবিরহাট এলাকার কয়েকজন ব্যক্তি এ প্রতিবেদককে জানান, আটককৃত লোহার শাটার প্রায় ৪০ টনের মত হবে। এগুলো চোরাই পথে এনে ট্রাকবর্তী করে ঢাকায় নিয়ে বিক্রি করার জন্য মেঘনার তীরের এ ঘাটে আনা হয়। পরে পুলিশ এসে ট্রাকসহ মালামাল জব্দ করেন। লোহার শাটারগুলো ভোলার দৌলতখান উপজেলা থেকে কি ভাবে কার মাধ্যমে আনা হয়েছে তার কোন সঠিক তথ্য নিশ্চিত হওয়া যায়নি। ধারনা করা হচ্ছে-এগুলো সরকারি পরিত্যক্ত পুরাতন ভবনের শাটার। রাতের আঁধারে চোরাই পথে অবৈধ পন্থায় বিক্রি করার উদ্দেশ্যে আনা হয়।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, আটক তিনজনকে জিজ্ঞাসাদ করা হচ্ছে। ট্রাক ও মালামাল থানা পুলিশের হেফাজতে রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


















