তাবারক হোসেন আজাদ, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে বংশী ব্রিজ ও হায়দরগঞ্জ বাজার এলাকাসহ প্রায় দুই শতাধিক স্থানে সরকারি খাল ও খাসজমি দখল করে ইমারত নির্মাণ করেছে প্রভাবশালীরা। গত বছরে জেলা সদরে অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান হলেও রায়পুর উপজেলায় অভিযান না করায় বরাদ্দের প্রায় ১০ লাখ টাকা ফেরত গেছে বলে উপ-সহকারী প্রকৌশলীরা জানান।
শনিবার (২২ ফেব্রুয়ারী ২০২৬) জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় রায়পুরসহ জেলায় খাল খনন, পরিস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করার প্রস্তুতি নিতে বলে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপি।
উল্লেখ্য সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে দেশব্যাপী জনগুরুত্বপুর্ণ খাল খনন ও পুনঃখনন এবং খালের পাড়ে বৃক্ষ রোপনের লক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অধিনে প্রতি উপজেলা থেকে দুটি গুরুত্বপুর্ণ খালের নাম দিয়ে সহযোগিতা করা অনুরোধ জানিয়েছেন। সোমবার রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার ত্রাণ মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব শাহ মো. শামসুজ্জোহার স্বাক্ষরিত পত্রের মাধ্যমে সকল নাগরিকের সহযোগিতা কামনা করেন।
সোমবার সরেজমিন দেখা গেছে, রায়পুর পৌরসভার জনতাবাজার, লেংড়া বাজার, গাজিনগর সড়ক, পীরফজলুল্লাহ সড়ক, তুলাতুলি সড়ক, মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের পাশে, মধুপুর, গাজিনগর বাজার, উত্তর চরবংশী ইউপির বংশী ব্রিজসহ ২’শতাধি স্থানে খাল দখল করে ইমারত নির্মাণ করা হয়।
চরমোহনা ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ আবদুস সাত্তার বলেন, কয়েক বছর ধরে যে যেভাবেই পারছেন খাল দখলে নিয়ে রেখেছেন। সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে দ্রুতই উচ্ছেদ অভিযান করা হবে। একই বক্তব্য দেন চরআবাবিল ইউপি চেয়ারম্যান দুলাল হাওলাদার, দক্ষিন চরবংশি ইউপি চেয়ারম্যান আবু সালেহ মিন্টু ফরাজি ও উত্তর চরবংশী ইউপি প্রশাসক (এসিল্যান্ড) নিগার সুলতানা।
পাউবোর লক্ষ্মীপুর কার্যালয় জানায়, গত বছর অভিযান চালিয়ে সদরের রসুলগঞ্জ বাজারে সরকারি জমিতে গড়ে তোলা ২১টি দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে। এছাড়া বাঙ্গাখাঁ ইউপির অভিরখিল ও ছাগলছিড়া খালের ওপরের ১২টি অবৈধ স্থাপনা এবং ডাকাতিয়া নদী থেকে ৪টি বড় বাঁধ অপসারণ করা হয়েছে।
পাউবোর রায়পুরের দায়িত্বে থাকা উপ-বিভাগীয় প্রকৌশলী গোকুল চন্দ্র পাল বলেন, খালের পাড়ে অবৈধভাবে গড়ে তোলা ইটের দেওয়াল ভেঙে জায়গা দখলমুক্ত করা হবে।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান বলেন, শনিবার আইন শৃংখলা সভায় পানি সম্পদ মন্ত্রীর উপস্থিতিতে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। যথাসময়ে মেঘনা ও ডাকাতিয়া সহ অন্যান্ন খাল খনন ও দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।


















