মুঞ্জুরুলহক মুঞ্জু, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেন কিশোরগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন। এসময় তাঁর সঙ্গে ছিলেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. এরশাদুল আহমেদ।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা, বন্দীদের আবাসন, খাবারের মান, চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা এবং কারা ক্যান্টিনের কার্যক্রমসহ বিভিন্ন বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে বন্দীদের প্রাপ্য সুযোগ-সুবিধা ও কল্যাণমূলক কার্যক্রমের বিষয়েও তিনি খোঁজখবর নেন।
এসময় জেলা প্রশাসক বন্দীদের জন্য সরবরাহকৃত খাবারের গুণগত মান ও পুষ্টিমান, রান্নাঘরের পরিচ্ছন্নতা এবং অসুস্থ বন্দীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধের সরবরাহ এবং কারাগারে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক কারাগারে নিরাপদ, সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও মানবিক পরিবেশ বজায় রাখার পাশাপাশি বন্দীদের প্রাপ্য সেবা ও সুযোগ-সুবিধা যথাযথভাবে নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।














