সাম্প্রতিক স্বদেশ ডেক্স: লক্ষ্মীপুরের রামগতিতে কেন্দ্রীয় যুবদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নিষিদ্ধ সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুন ২০২৬ইং) বিকেলে রামগতি উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে আলেকজান্ডার বাজারস্থ বিএনপি’র দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌরসভা কার্যালয় এলাকা প্রদক্ষিণ করে আলেকজান্ডার কামিল মাদ্রাসা সংলগ্ন ঘীরে বাজারের প্রধান সড়কে গিয়ে অবস্থান নেয়।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জমীর আলীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা যুবদলের সহ-সভাপতি মো. শিবলী নোমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভা যুবদলের আহ্বায়ক মাস্টার আব্দুল করিম।
বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরা দেশের বিভিন্ন স্থানে মিছিল-মিটিংসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনমনে অস্থিরতা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের কর্মকান্ড প্রতিহত করতে নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন রামগতি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহ মোহাম্মদ শিব্বির, পৌরসভা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান কবির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আকবর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহরিয়ার হান্নান, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান টিটু, মো. নিরব শেখ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইরাজ মাহমুদ বাবু, যুগ্ম আহ্বায়ক পারভেজ খান, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক শাহজাদা প্রিন্স, যুগ্ম আহ্বায়ক শাহিন আলম, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. তৌহিদুল ইসলাম নয়ন এবং সদস্য সচিব মো. ফরহাদ হোসেনসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ দেশের শান্তি-শৃঙ্খলা, জননিরাপত্তা ও আইনের শাসন বজায় রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান।
















