নজরুল ইসলাম খোকন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে উপজেলা প্রশাসনের উদ্যোগে এনজিও কার্যক্রম, মানব উন্নয়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন ২০২৬ইং) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা অংশ নেন। সভায় সীমান্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের সমন্বয় এবং জনসেবার মান আরও বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিক চৌধুরীকে সঙ্গে নিয়ে হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় সীমান্ত এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্তবাসীর নিরাপত্তা, স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা এবং সম্ভাব্য সমাধান নিয়ে বিজিবি কর্মকর্তাদের সঙ্গে ফলপ্রসূ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সীমান্ত এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উন্নয়নের ধারা আরও গতিশীল করা সম্ভব। তিনি সীমান্ত অঞ্চলের মানুষের কল্যাণে সকল পক্ষের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে সীমান্ত এলাকায় শান্তি, নিরাপত্তা ও টেকসই উন্নয়ন নিশ্চিত হবে এবং সাধারণ মানুষের জীবনমান আরও উন্নত হবে। পাশাপাশি মহান আল্লাহ তাআলার কাছে সকলের জন্য জনকল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার তাওফিক কামনা করেন।


















