গোলাম রব্বানী, রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগতিতে ধর্ষণ ও চুরির ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। উপজেলার দুই ইউনিয়নে এসব অপরাধের অভিযোগ তুলনামূলক বেশি হওয়ায় স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। গত দুই বছরে রামগতি থানায় ধর্ষণ, ধর্ষণচেষ্টা ও চুরিসহ বিভিন্ন ঘটনায় মোট ৩২ টি অভিযোগ জমা পড়েছে বলে জানা গেছে। এর মধ্যে শুধু ধর্ষণ সংক্রান্ত অভিযোগের সংখ্যা ২২টি। বেশীরভাগ ঘটনা ঘটে চরগাজী ও বড়খেরী ইউনিয়নের। এসব ঘটনায় ভুক্তভোগীদের মধ্যে শিশুও রয়েছে। যৌন নির্যাতনের এসব ঘটনায় পুলিশ তৎক্ষনাৎ ব্যবস্থাও নিচ্ছে। পুলিশের কড়া ভুমিকা থাকায় ইতিমধ্যে এসব ঘটনা দিনদিন কমতে শুরু করছে। বর্তমান ওসি লিটন দেওয়ান এ থানায় যোগদানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির বেশ উন্নতি হচ্ছে বলে জানান সচেতন মহল।
স্থানীয়দের অভিযোগ, জনবসতি বৃদ্ধি, নদী ও চরাঞ্চলের বিচ্ছিন্নতা, রাতের বেলায় পর্যাপ্ত নিরাপত্তার অভাব এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়ার সুযোগে ওই দুটি ইউনিয়নে অপরাধ প্রবণতা বাড়ছে। বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
রামগতি থানা সূত্রে জানা যায়, দুই বছরে ২২টি অভিযোগ শুধু ধর্ষণ, ধর্ষণচেষ্টা ও শিশু ধর্ষণের। বাকী অভিযোগগুলো চুরি সংক্রান্ত। এসব অভিযোগের কয়েকটি মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে, আবার কিছু অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তবে অভিযোগের সবগুলোই যে প্রমাণিত অপরাধ-এমনটি নয়; তদন্ত শেষে প্রকৃত ঘটনা ও দায়ীদের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৬ সালে চরপোড়াগাছা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মো. তারেক হাসান (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ১৩ ফেব্রুয়ারি চররমিজ ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডে মিলন মাঝি নামের এক যুবক গৃহবধূকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী গৃহবধূ থানায় ধর্ষণ মামলা দায়ের করলে মিলন মাঝিকে (৪২) ফেনী থেকে গ্রেপ্তার করেছে র্যাব। ১৫ জুলাই রাতে চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের মেঘনা নদীর তীর সংলগ্ন এলাকায় এক তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে নৌকায় ধর্ষণের অভিযোগ উঠে মো. ফারুক (৩১) নামে এক যুবকের বিরুদ্ধে। ২৮ জুন রাতে চরগাজী ইউনিয়নের বয়ারচর এলাকায় তাছিন নামের এক মাদরাসা শিক্ষার্থীর বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগে আদালতে মামলা হয়। ২০২৫ সালের ২৪ মার্চ শ্যালকের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় ননদের স্বামীর বিরুদ্ধে মামলা হয়। ১লা মার্চ চরবাদাম ইউনিয়নের পশ্চিম চরকলাকোপা গ্রামের মো. খবিরের ছেলে মো. রাকিবের বিরুদ্ধে ১৬ বছরের তরুণীকে ধর্ষনের অভিযোগে গ্রাম্য শালিসী বৈঠকে বিচারের নামে নানা অপবাদ দেওয়ায় ধর্ষণের শিকার ওই তরুণী আত্মহত্যা করে। আত্মহত্যার মামলার প্রধান আসামি মো. রাকিব হোসেন (২৫) কে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ১১ জুন চরগাজী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের দক্ষিণ টুমচর গ্রামে হাত-পা বেঁধে এক কিশোরীকে ৪ জন মিলে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত রাজুকে (১৮) আটক করে পুলিশ। ১৪ মার্চ ওই ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের ৯নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদপুর তেগাছিয়া বাজারের নিকটবর্তী নির্জন একটি জায়গায় মানুষিক ভারসাম্যহীন ভাসমান এক পাগলিকে ধর্ষণের অভিযোগ উঠে স্থানীয় এক বখাটে যুবকের বিরুদ্ধে। ২০২৫ সালের ২৭অক্টোবর চরপোড়াগাছা ইউনিয়নের গান্ধাতলা নামক এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে কথিত প্রেমিকসহ তার দুই বন্ধুকে আটক করে পুলিশ।
ধর্ষণ চেষ্টা:
২২ এপ্রিল দুপুরে চররমিজ ইউনিয়নের চরআফজাল গ্রামের কারিগো গোজার মসজিদে ৭বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জিহাদুর রহমান নামের এক মুয়াজ্জিনকে গ্রেপ্তার করে পুলিশ। ২০ এপ্রিল পৌর আলেকজান্ডার ৭নম্বর ওয়ার্ডের সেবাগ্রাম এলাকায় সাত বছরের এক শিশুকে তার ফুফা ধর্ষণের চেষ্টা করে। ওই ঘটনায় শিশুটির মা বাদি হয়ে থানায় ধর্ষণ চেষ্টার মামলা করে। ২৬ জুলাই বড়খেরী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর গ্রামের সেন্টার নামক এলাকায় ৫০ বছর বয়সী হক সাহেব নামের এক মুদি দোকানদার ১৬ বছরের এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা করে। ২০২৫ সালের ২৪ এপ্রিল চরআলগী ইউনিয়নের রব রোডস্থ চরনেয়ামত গ্রামে স্থানীয় মজিবুর রহমানের মুরগীর ফার্মে নিয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. বাহার নামে এক বৃদ্ধকে আটক করে পুলিশ। চরগাজীর ১৮ আগস্টে মহিউদ্দিন ডাক্তারের কিল্লায় জোরপূর্বক ধর্ষণ চেষ্টায় ব্যার্থ হয়ে গৃহবধূকে চুরিকাঘাত করে বখাটেরা।
শিশু ধর্ষণ:
এদিকে এ বছরের ১ জুন চরবাদাম ইউনিয়নে নানার বাড়িতে বেড়াতে এসে ১১বছরের এক শিশু ধর্ষণের শিকার হলে অভিযুক্ত মামুনকে গ্রেফতার করে পুলিশ। ১৭ মে রামগতি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে সাড়ে তিন বছরের শিশু কন্যাকে বাদাম খাওয়ার প্রলোভনে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করার অভিযোগে বেলাল হোসেন নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়। ৩০সেপ্টেম্বর দুপুরে চরআলগী ইউনিয়নের চর হাসান হোসেন গ্রামের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ইসমাইল হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করে র্যাব। ২০২৫ সালের ২২ মার্চ স্কুল পড়ুয়া এক মেয়ে শিক্ষার্থীকে উত্যক্ত ও ধর্ষণ চেষ্টার অভিযোগে স্থানীয় ইমন (২১) নামের এক যুবককে পুলিশ ঘটনাস্থল থেকে আটক করে। ২০ এপ্রিল দুপুরে রামগতি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মাওলানা নাছির উদ্দীনের বাড়ির একটি ভাড়া বাসায় সাত বছর বয়সি এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠে তার ফুফা মাকসুদের (৪২) বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত মাকসুদকে কান ধরিয়ে উঠবস ও ছয়টি বেত্রাঘাত দিয়ে গ্রামছাড়া করেন স্থানীয়রা। ৮সেপ্টেম্বর চরআলগী ইউনিয়নের নুরীয়া হাজিরহাট এলাকায় ৭বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দিদার উদ্দিন (৩৫) নামের এক পোস্ট মাস্টারকে গ্রেপ্তার করে পুলিশ। ১০ মার্চ চরগাজী ইউনিয়নের কলেজ পড়ুয়া দুই বোনকে বিভিন্ন ভাবে উত্যক্ত ও ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠে স্থানীয় নুরুল আমিন নোমান (৪০) নামে এক যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়। ২৪ সালের ১৬ নভেম্বর উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বালুরচর এলাকার সেরাজল হকের বাড়িতে ১১ বছরের এক গৃহপরিচারিকা শিশুকে ধর্ষণের চেষ্টাকালে হুমায়ুন (৩২) নামের এক বখাটে জনতার হাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
এছাড়া চলতি মাসের ৮ আগস্ট চরগাজী ইউনিয়নের হাজী আহমদিয়া মার্কেট দোকান চুরি, ১৬ আগস্টে সুবল মার্কেট হিন্দু দোকানদারকে পিটিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা, ওই এলাকার নারায়ণ বাবুর বাড়ি থেকে রাতের বেলায় সকল বৈদ্যুতিক লাইট চুরি সহ গত দুই বছরে চরগাজী ও বড়খেরী ইউনিয়নে প্রায় ১৫ টি চুরির ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।
সংশ্লিষ্টরা বলছেন, অপরাধ নিয়ন্ত্রণে শুধু মামলা গ্রহণ করাই যথেষ্ট নয়; অভিযোগের দ্রুত তদন্ত, আসামিদের আইনের আওতায় আনা এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। একই সঙ্গে ইউনিয়ন পর্যায়ে পুলিশি নজরদারি ও জনসচেতনতা বাড়ানোর প্রয়োজন রয়েছে।
আইনশৃঙ্খলা সংশ্লিষ্টরা বলছেন, ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
রামগতির চরগাজী ইউনিয়নের বাসিন্দা আব্দুল হাই ও হুমায়ুন কবির বলেন, মানুষের নিরাপত্তা বলতে কিছুই নেই, প্রতিনিয়ত ধর্ষণ, ধর্ষন চেষ্টা এমনকি শিশু ধর্ষণের মত জঘন্যতম অপরাধের খবর সোস্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। পাশাপাশি চুরি ডাকাতির ঘটনাও শুনতেছি। আমরা মেয়েদের নিয়ে চিন্তিত।
চরগাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব নাছির উদ্দীন বলেন, আমরা গ্রাম পুলিশ দিয়ে নিয়মিত পাহারা দিচ্ছি। চুরি ডাকাতি বেড়ে যাওয়ার বিষয়টি আইনশৃঙ্খলা সভায় বার বার বলছি। এরপরেও কোন ভাবেই চুরি ডাকাতি বন্ধ করা যাচ্ছে না। মানুষের জানমালের নিরাপত্তায় পুলিশকে আরও সতর্ক হওয়া উচিত।
এবিষয়ে রামগতি থানার ওসি লিটন দেওয়ান বলেন, কিছু অভিযোগ আমি এ থানায় আসার আগেই হয়েছে। অভিযোগ পাওয়া প্রতিটি ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে। ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে আসামী গ্রেপ্তার করা হয়েছে। নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং পুলিশের টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।


















