গোলাম রব্বানী, রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগতিতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই স্কুলছাত্র গুরুতর আহত হওয়ার ঘটনায় শিক্ষার্থীরা সড়কে অগ্নিসংযোগ করে বিক্ষোভ করেন। রোববার (২৬ এপ্রিল ২০২৬ ইং) উপজেলার বড়খেরী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।
এঘটনায় আহত শিক্ষার্থীর অভিভাবক মো. নুরুল ইসলাম বাদি হয়ে রামগতি থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার বড়খেরী ইউনিয়নের রঘুনাথপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের ক্লাস চলাকালীন সময়ে বিদ্যালয়ের সামনে কয়েকটি কিশোর গ্যাং গ্রুপ সংঘবদ্ধ হয়ে আড্ডায় মেতে উঠে। এ চক্রটি স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে নানা কটুক্তি ও মেয়েদের ইভটিজিং করে আসছে প্রতিনিয়ত।
গত ২২ এপ্রিল সকালে দশম শ্রেণির শিক্ষার্থী মো. রাব্বি ও পলক চন্দ্র দাশ সহ তাদের সহপাঠীদের নিয়ে কটুক্তি করে কিশোর গ্যাংয়ের সদস্য মো. রায়হান, মো. তাওহীদ ও তাওসীম সহ ৪-৫ জনের একটি গ্রুপ। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে দুপুরে দেড়টার দিকে স্কুল ছুটির পর দশম শ্রেণির শিক্ষার্থী মো. রাব্বিকে তারা এলোপাতাড়ি মারধর করে। এর আগে ২১ এপ্রিল শিক্ষার্থী পলক চন্দ্র দাশকেও কিশোর গ্যাংয়ের সদস্যরা মারধর করেন। এ নিয়ে স্কুলটির দুইজন ছাত্রকে পিটিয়ে আহত করার প্রতিবাদে রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করে।
এসময় সড়কে টায়ার জালিয়ে অগ্নিসংযোগ করে অভিযুক্ত কিশোর গ্যাংয়ের সদস্য রায়হান ও মো. তাওহীদ সহ তাদের সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
অভিযুক্ত রায়হান উপজেলার চররমিজ ইউনিয়নের বিবিরহাট এলাকার মো. মেহেরাজের ছেলে। অপর দুই অভিযুক্ত মো. তাওহীদ বড়খেরী ইউনিয়নের কালাপন্ডিতের হাট এলাকার মো. মিলাদের ছেলে আর তাওসীম একই এলাকার মো. ফেরদাউসের ছেলে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, দায়ীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। স্কুলের সামনে কোন কিশোর গ্যং বা বখাটেদের দেখা মাত্র পুলিশের সহায়তা নিতে বলা হয়েছে।


















