নুরুল হোসাইন, কক্সবাজার ব্যুরো চীফ: টেকনাফে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক ব্যতিক্রমধর্মী রেডিও উৎসব অনুষ্ঠিত হয়েছে। “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে-চলো যাই গ্রাম আদালতে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।
স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উদ্যোগে এবং কমিউনিটি রেডিও নাফ ৯৯.২ এফএম-এর আয়োজনে, ইউএনডিপির সহযোগিতায় দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়।
এতে রেডিও স্টল প্রদর্শনী, ভিডিও প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কুইজ প্রতিযোগিতার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা তৈরি করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একলাব-এর নির্বাহী পরিচালক সৈয়দ তারিকুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন প্রকল্পের কক্সবাজার জেলা ব্যবস্থাপক সৈয়দ মোহন উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কমিউনিটি রেডিও নাফের উপদেষ্টা কমিটির সভাপতি মো. ইমামুল হাফিজ নাদিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. সোহরাব হোসেন এবং ওসিসির প্রোগ্রাম অফিসার নাশীদুল ইসলাম আলফারুকী। স্বাগত বক্তব্য দেন রেডিও নাফের স্টেশন ম্যানেজার মো. সিদ্দিক হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র বার্তা সম্পাদক সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, সাংবাদিক আশেক উল্লাহ ফারুকী, নারী নেত্রী কুলসুমা বেগম এবং ব্র্যাক-এর লিগ্যাল অফিসার আবু মোহাম্মদ মেহেদী হাসানসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, গ্রাম আদালত সম্পর্কে জনগণকে সচেতন করা অত্যন্ত জরুরি। সচেতনতা বাড়লে অনেক ছোটখাটো বিরোধ সহজেই গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা সম্ভব, এতে থানা ও আদালতের ওপর চাপ কমবে।
তিনি হাম ও রুবেলা টিকাদান কর্মসূচি নিয়েও গুরুত্বারোপ করে বলেন, আশেপাশের উপযুক্ত শিশুদের দ্রুত টিকা দেওয়ার জন্য অভিভাবকদের সচেতন করতে হবে।
মানবপাচার প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, বিদেশ যেতে হলে অবশ্যই বৈধ পথ বেছে নিতে হবে। অবৈধ পথে গেলে ঝুঁকি ও ক্ষতি অনেক বেশি। এ ধরনের অপরাধ প্রতিরোধে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
তিনি আরো বলেন, যেকোনো দুর্যোগ কিংবা গুরুত্বপূর্ণ বার্তা স্থানীয় ভাষায় দ্রুত জনগণের কাছে পৌঁছে দিতে কমিউনিটি রেডিও নাফের ভূমিকা অনন্য। এনজিওগুলোর কার্যক্রমও এই মাধ্যমের মাধ্যমে প্রচার করা হলে জনসাধারণ আরও বেশি উপকৃত হবে।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, জেলে সম্প্রদায়, দলিত, রাখাইন, চাকমা, প্রতিবন্ধী ব্যক্তি, নৃ-গোষ্ঠী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
শেষে সাংস্কৃতিক পরিবেশনা এবং কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।
আলোচনা শেষে উপস্থিত সবাই একমত হন যে, গ্রাম আদালত একটি গুরুত্বপূর্ণ সরকারি উদ্যোগ, যা বিশেষ করে অবহেলিত ও নির্যাতিত জনগোষ্ঠীর জন্য সহজলভ্য আইনি সহায়তা নিশ্চিত করছে। তাই এ কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।


















