সাম্প্রতিক স্বদেশ ডেক্স:“শিশুকে মাতৃদুগ্ধদানে সহায়তা করুন: একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলুন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের কমলনগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট ২০২৬ইং) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল হুদা চৌধুরী।
সভাপতি তাঁর বক্তব্যে নবজাতকের জন্য মায়ের দুধের গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা সভায় বক্তারা বলেন “শিশুর জন্মের এক ঘণ্টার মধ্যে শালদুধ খাওয়ানো অত্যন্ত জরুরি। শালদুধ শিশুর জীবনের প্রথম টিকা হিসেবে কাজ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া শিশুর ৬ মাস বয়স পর্যন্ত কেবল মায়ের দুধই যথেষ্ট, অন্য কোনো খাবার বা পানি দেওয়ার প্রয়োজন নেই।”
বিভিন্ন বক্তারা কর্মজীবী মায়েদের কর্মক্ষেত্রে মাতৃদুগ্ধদানের অনুকূল পরিবেশ তৈরি করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় স্বাস্থ্যকর্মী, সেবিকা (নার্স), কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধিবৃন্দ এবং উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েরা উপস্থিত ছিলেন। সভা শেষে উপস্থিত মায়েদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং পুষ্টি বিষয়ক পরামর্শ প্রদান করা হয়।


















