মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা পরিষদের সরকারি কর্মচারী সমন্বয় ঐক্য পরিষদের উদ্যোগে ২য় দিনের মতো কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কর্মবিরতিতে থাকা কর্মচারীরা সোমবার (২ ফেব্রুয়ারী ২০২৬ইং) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে তারা নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে বক্তব্য রাখেন খাদ্য অধিদপ্তরের কর্মচারী আবুল কালাম, স্বাস্থ্য বিভাগের সাহাবুদ্দিন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের মো. ফারুক, স্বাস্থ্য বিভাগের নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষার আবু হানিফ, কৃষি বিভাগের নুরুল আলম, পল্লি সঞ্চয় ব্যাংকের মুরাদ ও উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়ের মো. দেলোয়ার হোসেন।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য বেতন কাঠামোর দাবিতে আন্দোলন করে আসছেন, কিন্তু এখনো তা বাস্তবায়নের কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। নবম পে স্কেল বাস্তবায়ন হলে কর্মচারীদের জীবনমান উন্নত হবে এবং সরকারি সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।
তারা আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান বেতন কাঠামো দিয়ে সংসার চালানো ক্রমেই কঠিন হয়ে পড়ছে। তাই দ্রুত নবম পে স্কেল কার্যকর করে কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানান তারা।
বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, দাবি আদায় না হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘটে।


















