মুঞ্জুরুল হক মুঞ্জু, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে তিতাস গ্যাসের আন্তঃজেলা সঞ্চালন পাইপের ছিদ্র দিয়ে বেরুচ্ছে গ্যাস। সম্প্রতি বৃষ্টিতে নদীর পানি বেড়ে পাইপটি তলিয়ে গেলে বিষয়টি স্থানীয়দের চোখে পড়ে। এ ঘটনায় প্রায় দুই মাস আগে স্থানীয় একটি চুন কারখানার অবৈধ সংযোগের চেষ্টায় এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ। এ বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন তারা।
সরেজমিনে দেখা গেছে, তিতাস গ্যাসের আন্তঃজেলা সঞ্চালন পাইপ নরসিংদী থেকে কটিয়াদীর মসূয়া ইউনিয়নের কাজীরচর গ্রামের আড়িয়াল খাঁ নদীর পাড় দিয়ে কিশোরগঞ্জ শহরে ভেতর পৌঁছেছে। মসূয়া বাজার থেকে প্রায় ১ কিলোমিটার দূরে নদীর পাড়ে ঝোপঝাড় পূর্ণ স্থানে গড়ে তোলা হয়েছে পাথর-চুনা তৈরির কারখানাটি। লোকালয় থেকে দূরবর্তী ফসলি জমি ও ঝোপঝাড় কলাবাগন পূর্ণ এলাকা হওয়ায় লোকজন সাধারণত সেখানে যায় না। তবে বর্ষায় নদীর পানি বেড়ে পাইপটি তলিয়ে যাওয়ায় সেখানে সারাক্ষণ বুঁদ বুঁদ উঠছে। এই দৃশ্য দেখছে সেখানে ভিড় করছেন আশপাশের লোকজন।
স্থানীয়রা জানান, প্রায় বছর খানেক আগে নদীর পাড়ে একটি ঝোপের কলাবাগানের আড়ালে ভাড়া জমিতে চুন তৈরির কারখানা তৈরি করছেন সুনামগঞ্জের ছাতক উপজেলার বাজনা মহল এলাকার বাবরু মিয়া তালুকদারের ছেলে দেলোয়ার হোসেন তালুকদার। টিনে ঘেরা কারখানার ভেতর চুল্লিতে পাথর গলিয়ে চুন তৈরির জন্য গ্যাস সংযোগ নেয়। গত জুনের শুরুর দিকে অবৈধভাবে গ্যাস সংযোগ নিতে গিয়ে পাইপে দুর্ঘটনা ঘটে। এরপর থেকে ক্ষতিগ্রস্ত গ্যাস লাইন উন্মুক্ত পড়েছিল। বিষয়টি প্রথমে কারও চোখে পড়েনি। তবে সম্প্রতি বৃষ্টিতে নদীতে পানি বেড়ে পাইপটি তলিয়ে গেলে গ্যাস বুদ্বুদের বিষয়টি সবার দৃষ্টিগোচর হয়।
স্থানীয় যুবক মো. রবিন মিয়া বলেন, দেশের বিভিন্ন স্থানে বর্তমানে গ্যাস সংকট চলছে। অথচ এখানে রাষ্ট্রীয় সম্পদ ২ মাস যাবৎ বেরিয়ে যাচ্ছে। এটা একটা বড় ক্ষতি। এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
আরেক যুবক মাহফুজ মিয়া বলেন, ‘স্থানীয় কিছু লোকজনের সহযোগিতায় অবৈধভাবে গ্যাস সংযোগের চেষ্টা করেছেন চুন কারখানার মালিক। বিষয়টি তিতাস কর্তৃপক্ষকে জানানোর পরও তারা উদাসীন।’ এর সঙ্গে গ্যাস কর্তৃপক্ষের লোকজনও জড়িত থাকতে পারেন বলে তাদের সন্দেহ।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে শনিবার চুন কারখানায় নিয়ে মালিক পক্ষের কাউকে খুঁজে পাওয়া যায়নি। তবে মালিক দেলোয়ার হোসেন তালুকদারের ফোন নম্বর না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কিশোরগঞ্জ তিতাস গ্যাস আঞ্চলিক বিপণন অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ময়মনসিংহ অফিস এই আন্তঃজেলা সংযোগ পাইপের দায়িত্বে রয়েছে। নদীতে পানি বেশি থাকায় পাইপের ছিদ্র মেরামতের কাজ করতে কিছুটা অসুবিধা হচ্ছে। তবে দু-একদিনের মধ্যে কাজ শেষ হবে বলে তিনি আশা করছেন। গ্যাস পাইপে কীভাবে ছিদ্র হলো— বিষয়টি খতিয়ে দেখলে জানা যাবে।

















