নজরুল ইসলাম খোকন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার জেলা প্রেসক্লাব ও ডেইলি ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে ৫০ জন সাংবাদিকের অংশগ্রহণে আয়োজিত তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিনের সেশন অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণের দ্বিতীয় দিনের প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. দেলোয়ার হোসেন। তিনি সাংবাদিকতার নৈতিকতা, তথ্য যাচাইয়ের গুরুত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, অনুসন্ধানী সাংবাদিকতার প্রয়োজনীয়তা এবং বর্তমান সময়ে গণমাধ্যমের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
ড. দেলোয়ার হোসেন বলেন, একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব হলো নিরপেক্ষতা, সত্যনিষ্ঠা ও পেশাগত নৈতিকতা বজায় রেখে সংবাদ পরিবেশন করা। তথ্য যাচাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ করা উচিত নয়। একই সঙ্গে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা অটুট রাখতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল, সচেতন ও পেশাদার ভূমিকা পালন করতে হবে।
কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক সাংবাদিকতার কৌশল, তথ্য যাচাই, অনুসন্ধানী প্রতিবেদন তৈরির পদ্ধতি এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের বিভিন্ন বাস্তবভিত্তিক দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জনের সুযোগ পাচ্ছেন।
আয়োজকদের মতে, এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতা চর্চাকে আরও সমৃদ্ধ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অভিজ্ঞ প্রশিক্ষক ও বিশেষজ্ঞরা ধারাবাহিকভাবে সেশন পরিচালনা করবেন।


















