রামগতি (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ৫ ঘণ্টা পর মনির হোসেন (৪৫) নামের এক টুপি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট ২০২৬ইং) বিকেল ৪টার দিকে রামগতি পৌরসভার আসলপাড়া এলাকার মেঘনা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে নদীতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন।
নিহত মনির হোসেন রামগতি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আসলপাড়া এলাকার আব্দুর রবের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলার আলেকজান্ডার বাজারে টুপির ব্যবসা করে আসছিলেন।
পুলিশ স্থানীয় সূত্র ও আনসার প্লাটুন কমান্ডার রিপন মজুমদার জানায়, সোমবার সকালে মেঘনা নদীতে গোসল করতে নামেন মনির হোসেন। একপর্যায়ে নদীর স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধারের জন্য কয়েক দফা চেষ্টা চালালেও ব্যর্থ হন।
খবর পেয়ে চাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় পাঁচ ঘণ্টা পর তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

















